রাজধানীর গুলশান থানার শাহজাদপুরে পপুলার হাসপাতালের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর দৌড়ে পালানোর সময় তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে থানা এলাকার সীমানা নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হলেও গুলশান থানা পুলিশ নিশ্চিত করে যে, বিস্ফোরণের পর দৌড়ে পালানোর সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, আটক তিনজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


























