কুষ্টিয়ার দৌলতপুরে নিজের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন। এ সময় অধিবেশন পরিচালনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
গত বুধবার রাতে দৌলতপুরের বাগোয়ান গ্রামে নুসরাতের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। সংসদে তিনি বলেন, “এই আগুন সন্ত্রাসের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি। প্রথমবার বাড়িঘর পুড়ে যাওয়ায় এবং দ্বিতীয়বার যখন সংসদে আমার সহকর্মীরা এই নাশকতাকে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন।”
ঘটনার সিসিটিভি ফুটেজের কথা উল্লেখ করে নুসরাত বলেন, সেখানে বিস্ফোরণের মতো আগুন জ্বলে উঠতে দেখা গেছে এবং বাড়ির বিভিন্ন অংশে একযোগে আগুন ছড়িয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, সংসদে বারবার তার বাড়িটিকে ‘পরিত্যক্ত’ বলে অভিহিত করা হয়েছে এবং শর্টসার্কিট থেকে আগুন লাগার কথা বলা হয়েছে, যা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।
নুসরাত তাবাসসুম বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিদের তদন্ত শেষ হওয়ার আগেই এ ধরনের মন্তব্য অধস্তন কর্মকর্তাদের প্রভাবিত করতে পারে। তিনি ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

























