দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক একাডেমিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরজুড়ে ১০ ধরনের খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনের লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি একাডেমিক ক্যালেন্ডারের অংশ হিসেবে সুনির্দিষ্ট ১০টি খেলা বছরজুড়ে পরিচালনার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা ও রূপরেখা পাঠানো হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এসব খেলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এর ফলে শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে বা নির্ধারিত পিরিয়ডে খেলাধুলা ও ফিটনেস চর্চার সুযোগ পাবে। এটি তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাউশি জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি পত্রের পরিপ্রেক্ষিতে রোববার (১৫ নভেম্বর) মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক অধ্যাপক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে মাঠপর্যায়ে এ নির্দেশনা জারি করা হয়েছে।
মাউশির অধীন দেশের সব আঞ্চলিক পরিচালক, উপপরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো ওই নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে সুনির্দিষ্ট ১০টি খেলা বছরজুড়ে আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
খেলার তালিকায় রয়েছে ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডিসহ অন্যান্য খেলা।
গত ৮ অক্টোবর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরজুড়ে এসব খেলাধুলা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে হস্তক্ষেপ কামনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আধা-সরকারি পত্র (ডিও লেটার) পাঠান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিবকে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দিয়ে পত্র পাঠানো হয়।
ডিও লেটারে প্রতিমন্ত্রী আমিনুল হক উল্লেখ করেন, দক্ষ, সৃজনশীল, কর্মপটু ও তৎপর জাতি গঠন এবং শিক্ষার্থীদের সুশাসন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। কিশোর-কিশোরী ও যুবকদের মধ্যে দলগত কাজের মানসিকতা তৈরি, দূরদর্শী নেতৃত্বের গুণাবলি বিকাশ, শৃঙ্খলাবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও নৈতিক মানদণ্ড সমুন্নত রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পত্রে তিনি প্রখ্যাত দার্শনিক ইমানুয়েল কান্টের নৈতিক দর্শন ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ এবং বিশ্বখ্যাত লেখক লরি মায়ার্সের ট্রু স্পোর্টসম্যানশিপ ইজ এক্সিলেন্স ইন মোশন উক্তির প্রসঙ্গ তুল

























