আজ ১৩ নভেম্বর নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন। এ উপলক্ষে গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় তার হাতে গড়া নুহাশ পল্লীতে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে।
হুমায়ূন আহমেদ ছিলেন একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক হিসেবে বাংলা সাহিত্যে তার অবদান অসামান্য। মৃত্যুর ১৪ বছর পরও তার সৃষ্টির প্রতি পাঠকের ভালোবাসা অটুট। জন্মদিন উপলক্ষে নুহাশ পল্লীতে মিলাদ মাহফিল, দোয়া, কেক কাটা ও তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আয়োজন করা হয়েছে। তার স্ত্রী মেহের আফরোজ শাওন, পরিবারের সদস্য, ভক্ত ও অনুরাগীরা এ আয়োজনে অংশ নেবেন।
নেত্রকোনার মোহনগঞ্জের শেখ বাড়িতে জন্মগ্রহণ করা হুমায়ূন আহমেদ প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। হিমু, মিসির আলী, শুভ্র, রূপা কিংবা বাকের ভাইয়ের মতো কালজয়ী চরিত্রগুলো তার সৃজনশীলতার অনন্য নিদর্শন। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। পরে গাজীপুরের নুহাশ পল্লীতে তাকে সমাহিত করা হয়।


























