সৌদি আরবের আল-জাওফ অঞ্চলের দাওমাতুল জান্দাল শহরে রয়েছে ইসলামের প্রাথমিক যুগের স্থাপত্যের এক অনন্য নিদর্শন—হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর নামে পরিচিত ঐতিহাসিক মসজিদ। মসজিদটির স্থাপত্যে মদিনার মসজিদে নববির প্রাথমিক নির্মাণশৈলীর দারুণ প্রতিফলন দেখা যায়। তবে এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর প্রাচীন মিনার, যেটিকে অনেক ইতিহাসবিদ ইসলামের প্রথম মিনার হিসেবে উল্লেখ করেছেন।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে মসজিদটির স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। মসজিদটি সৌদি আরবের আল-জাওফ অঞ্চলের দাওমাতুল জান্দালের পুরোনো শহরের আল-দারই এলাকায় অবস্থিত। এর পাশেই রয়েছে ঐতিহাসিক মারিদ দুর্গ। মসজিদটির নকশায় ইসলামের প্রাথমিক যুগের মসজিদগুলোর সরলতা ও ব্যবহারিক নির্মাণশৈলী পুরোপুরি বজায় রয়েছে। আয়তাকার নামাজের স্থান, মাঝখানের স্তম্ভ এবং মিম্বর—সব মিলিয়ে এর স্থাপত্যে মদিনার মসজিদে নববির প্রথম দিককার নির্মাণরীতির সঙ্গে মিল পাওয়া যায়।
মসজিদটি নির্মাণে স্থানীয় পাথর, মাটি ও ঐতিহ্যবাহী নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছিল। এর মূল কাঠামোর বেশ কিছু অংশে এখনো প্রাচীন নির্মাণশৈলীর অনুপম চিহ্ন রয়েছে। নামাজের স্থানের মাঝখানের স্তম্ভগুলো ছাদ ও স্থাপনার ভার বহন করে। আর মিম্বরসহ অভ্যন্তরীণ বিন্যাস এমনভাবে সাজানো হয়েছিল, যাতে ইমামের কণ্ঠস্বর মুসল্লিদের কাছে সহজে পৌঁছাতে পারে। মসজিদের পেছনের অংশে রয়েছে শীতকালে নামাজ আদায়ের উপযোগী একটি আবদ্ধ স্থান, যা স্থানীয়ভাবে ‘খালওয়া’ নামে পরিচিত।
মসজিদটির দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত ঐতিহাসিক মিনারটি এর সবচেয়ে আকর্ষণীয় অংশ। মিনারটির ভিত্তি বর্গাকার এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রায় তিন মিটার। ওপরের দিকে উঠতে উঠতে এর দেয়াল ভেতরের দিকে ক্রমশ সরু হয়েছে এবং একেবারে শীর্ষে গিয়ে এটি প্রায় পিরামিডের মতো আকৃতি ধারণ করেছে। মিনারটির বর্তমান উচ্চতা প্রায় ১২ দশমিক ৭ মিটার। এর নির্মাণশৈলীতে পাথরের ব্যবহার এবং ধাপে ধাপে সরু হয়ে আসা কাঠামো প্রাচীন স্থাপত্যের স্বতন্ত্র বৈশিষ্ট্য তুলে ধরে।
ইসলামের প্রাথমিক যুগে নামাজের জন্য মানুষকে আহ্বান জানানোর ব্যবস্থা কীভাবে স্থাপত্যের অংশ হয়ে উঠেছিল, এই মিনার তার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। প্রথম দিকে মসজিদে আজানের জন্য আলাদা সুউচ্চ মিনার নির্মাণের প্রচলন ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে আজানের আওয়াজ দূরে পৌঁছে দেওয়ার প্রয়োজন থেকেই মূলত মিনার স্থাপত্যের বিকাশ ঘটে। প্রচলিত ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.) ১৬ হিজরি বা ৬৩৭ খ্রিষ্টাব্দে জেরুজালেমের উদ্দেশে যাত্রাকালে দাওমাতুল জান্দালে এই মসজিদটি নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। এ কারণেই মসজিদটি তার নামে পরিচিত হয়ে ওঠে।
দাওমাতুল জান্দালের ওমর (রা.) মসজিদ শুধু একটি প্রাচীন ধর্মীয় স্থাপনা নয়, বরং ইসলামি স্থাপত্যের বিকাশের ইতিহাসেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সরল আয়তাকার নামাজের স্থান, স্থানীয় নির্মাণসামগ্রীর ব্যবহার এবং স্বতন্ত্র মিনার—সব মিলিয়ে প্রাথমিক যুগের মসজিদ নির্মাণের বৈশিষ্ট্য গভীরভাবে বোঝার সুযোগ করে দেয় এই ঐতিহাসিক স্থাপনা।


























