বরিশাল নগরীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কামরুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে নগরীর কাউনিয়া থানাধীন পূর্ব পুরানপাড়া বটতলা এলাকার হাওলাদার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে কামরুল ইসলামের সঙ্গে তাঁর সৎ মামাতো ভাই সুরুজের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে বিতর্কিত জমিতে দেয়াল নির্মাণ করতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ ওঠে, বিরোধের একপর্যায়ে সুরুজ, তাঁর বাবা আনোয়ার হোসেন ও ছেলে মিরাজ মিলে কামরুল ইসলামকে মারধর করেন এবং ধারালো অস্ত্র দিয়ে পিঠে কোপ দেন। মারাত্মক আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে আনোয়ার হোসেন, তাঁর স্ত্রী খাদিজা ও ছেলে মিরাজকে আটক করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

























