রক্ষণাবেক্ষণ কাজ শেষে এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) চালু হওয়ায় দেশজুড়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। সামিট গ্রুপ পরিচালিত এফএসআরইউটি শনিবার (৭ নভেম্বর) বিকেলে ফের চালু হয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
বিকেল ৫টায় দৈনিক ২ হাজার ৫৮০ মিলিয়ন অনুপাতে গ্যাস সরবরাহ দেওয়া হয়েছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে ১ হাজার ৫৭৪ মিলিয়ন ঘনফুট এবং আমদানি থেকে ১ হাজার ৬ মিলিয়ন ঘনফুট সরবরাহের কথা জানিয়েছে পেট্রোবাংলা।
দেশীয় গ্যাস ফিল্ডগুলোর মজুদ কমে যাওয়া ও বাড়ন্ত চাহিদার জোগান দিতে ২০১৮ সালে এলএনজি আমদানি শুরু করে বাংলাদেশ। মহেশখালীতে অবস্থিত দুটি টার্মিনালের সক্ষমতা ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট (দৈনিক সরবরাহ সক্ষমতা)। যার একটি সামিট গ্রুপ এবং অপরটি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি পরিচালনা করছে।
গত ৪ নভেম্বর একটি এফএসআরইউ নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করা হয়। এতে দৈনিক প্রায় ৩২০ মিলিয়ন গ্যাস সরবরাহ কমে যায়। এ কারণে দেশজুড়ে মারাত্মক গ্যাস সংকট দেখা দেয়।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, অনুমোদিত গ্রাহকদের দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৫৫০০ মিলিয়ন ঘনফুট। প্রকৃত চাহিদা ৪০০০ মিলিয়নের বিপরীতে সরবরাহ দেওয়া হচ্ছে ২৬০০ মিলিয়ন ঘনফুটের মতো। এর মধ্যে কমবেশি ১০০০ মিলিয়নের মতো আমদানি করে সরবরাহ করা হচ্ছে।
এক সময়ে দেশীয় গ্যাস ফিল্ডগুলো থেকে দৈনিক ২৮০০ মিলিয়নের মতো গ্যাস উৎপাদিত হলেও এখন তা মাত্র ১৫৭৬ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। বাড়ন্ত চাহিদার বিপরীতে উৎপাদন বাড়ানো দূরের কথা, বর্তমান উৎপাদন ধরে রাখাই কঠিন মনে করা হচ্ছে। দেশীয় উৎপাদন বাড়াতে তেল-গ্যাস অনুসন্ধানের কাজ জোরদার করা জরুরি ছিল, সেখানে মনযোগ দিতে ব্যর্থ হওয়ায় আজকের এই সংকট তৈরি হয়েছে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা।


























