১৩ বছর আগে যে দিনে সাদা পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল, ঠিক একই দিনে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন ভিডিও বার্তার মাধ্যমে ৩৬ বছর বয়সী এই পেসার টেস্ট ফরম্যাটকে বিদায় জানানোর কথা প্রকাশ করেন।
২০১৩ সালের ৬ নভেম্বর কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শামির টেস্ট অভিষেক হয়েছিল। কাকতালীয়ভাবে ঠিক ১৩ বছর পর একই দিনে টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি টানলেন তিনি। ভিডিও বার্তায় শামি বলেন, চোট ও নানা প্রতিকূলতা পেরিয়ে দেশের হয়ে খেলতে পারাটা তার কাছে গর্বের। এই দীর্ঘ যাত্রায় পাশে থাকার জন্য কোচ, ট্রেনার, ফিজিও এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
২০২৩ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হয়ে শেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন শামি। এরপর ইনজুরি ও টিম কম্বিনেশনের কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন তিনি। ভারতের হয়ে ৬৪ টেস্টে শামির ঝুলিতে রয়েছে ২২৯টি উইকেট। চমৎকার সিম পজিশন, উভয় দিকে সুইং ও রিভার্স সুইংয়ের জন্য ব্যাটারদের কাছে তিনি ছিলেন দারুণ এক আতঙ্ক। টেস্টে দেশের হয়ে ষষ্ঠ সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবেই সাদা পোশাক তুলে রাখলেন এই পেসার।

























