গ্রাম পুলিশের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির বড় ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত গ্রাম পুলিশের জাতীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, শুধু পদবি পরিবর্তনই নয়, তাঁদের সামাজিক ও আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করছে সরকার। আজ ঐতিহাসিক ৭ নভেম্বর থেকেই সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে তিনি ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী জানান, বেতনভাতা ছাড়াও গ্রাম পুলিশের জন্য বেশ কিছু সুযোগ-সুবিধা যুক্ত করা হয়েছে। বর্তমানে গ্রাম পুলিশের মাসিক বেতন সাড়ে ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের বেতন ৮ হাজার টাকা থেকে উন্নীত করে ১১ হাজার টাকা করা হয়েছে।
মাসিক বেতনের পাশাপাশি অবসরকালীন আনুতোষিক ভাতাও বৃদ্ধি করা হয়েছে। এর আওতায় সাধারণ গ্রাম পুলিশের আনুতোষিক ভাতা ৭০ হাজার থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকায় এবং গ্রাম পুলিশ প্রধানের জন্য তা ৮০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে দাপ্তরিক যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের সুবিধার্থে গ্রাম পুলিশের প্রত্যেক সদস্যকে প্রতি মাসে মোবাইল খরচ বাবদ ১৫০ টাকা করে ভাতা প্রদানের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
























