ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রাকে ঘিরে রাজধানীর নয়াপল্টন ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। নিরাপত্তার স্বার্থে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে পুলিশ, গোয়েন্দা পুলিশ, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বিত দায়িত্ব পালন করতে দেখা যায়। মূল মঞ্চ ও সমাবেশস্থলের নিরাপত্তায় প্রশিক্ষিত ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ব্যারিকেড বসানো হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশ শেষে তাঁর নেতৃত্বেই শোভাযাত্রাটি বের হওয়ার কথা রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবন, কাকরাইল মোড়, হেয়ার রোড, মিন্টো রোড, ইন্টারকন্টিনেন্টাল হোটেল, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে। এর আগে শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শোভাযাত্রার সার্বিক প্রস্তুতি ও রুটের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
























