সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪১২ জন।
বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অন্যজন সিলেট বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪২ জনে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৩৭ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২২ জনের শরীরে হামের লক্ষণ দেখা দেওয়ায় মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা পৌঁছেছে ২ লাখ ২৫ হাজার ১০৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯০ জন, যা মিলিয়ে এ পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৩১ জনে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ২ লাখ ৩১৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯২ হাজার ১৭৮ জন।


























