সামাজিক যোগাযোগমাধ্যমে লাগাতার ট্রলিং, কুৎসা ও চরিত্রহননের অপচেষ্টার বিরুদ্ধে শেষ পর্যন্ত আইনি পদক্ষেপ নিলেন দক্ষিণ ও বলিউডের জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। সম্প্রতি তাঁদের প্রতিনিধি দল ভারতের হায়দারাবাদ সাইবার ক্রাইম পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছে।
সমস্যার সূচনা হয়েছিল একটি টক শো-তে রাশমিকার দেওয়া খোলামেলা মন্তব্যকে ঘিরে। সেখানে তিনি জানিয়েছিলেন, বিজয়ের মন পেতে ও বিয়ের প্রস্তাবে রাজি করাতে তাঁকে দীর্ঘ এক বছর ধরে প্রায় ১০০ বার চেষ্টা করতে হয়েছিল। সাক্ষাৎকারের এই অংশটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই নেটিজেনদের এক দল বিজয়কে উদ্দেশ্য করে চরম ব্যঙ্গ ও কটূক্তি শুরু করে, এমনকি তাঁকে ‘রেড ফ্ল্যাগ’ তকমাও দেওয়া হয়।
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারকা জুটির জনসংযোগ টিম বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়। অভিযোগে বলা হয়েছে, একটি বিশেষ চক্র সুপরিকল্পিতভাবে অর্থ ব্যয় করে ভুয়া স্ক্রিনশট ও বিভ্রান্তিকর তথ্য তৈরি করে প্রচার চালাচ্ছে, যার লক্ষ্য শুধুই তাঁদের সামাজিক ভাবমূর্তি ধূলিসাৎ করা।
সাইবার ক্রাইম বিভাগে দেওয়া আবেদনে দায়ী ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়েছে। তারকাদের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, মতপ্রকাশের স্বাধীনতা কোনোভাবেই অন্যকে অসম্মান বা অনলাইন হেনস্তার লাইসেন্স দেয় না।

























