বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা আরও সুদৃঢ় করতে স্পেনের সেভিল শহরে বাংলাদেশি পণ্যের একক প্রদর্শনী আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সেভিল চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ডি. ফ্রান্সিসকো হেরেরো লিওনের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে তৈরি পোশাক ও বস্ত্র, ওষুধ, চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি, কৃষি ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি স্পেনের বাজারে বাংলাদেশি পাটজাত পণ্যের সম্প্রসারণ এবং বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
দুই দেশের ব্যবসায়ীদের অংশগ্রহণে প্রতিবছর অন্তত একটি বাংলাদেশকেন্দ্রিক সেমিনার আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন সেভিল চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট। এরই ধারাবাহিকতায় সেভিলে বাংলাদেশি পণ্যের বিশেষ প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য প্রতিনিধিদল বিনিময় এবং সেভিল চেম্বারের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনগুলোর যোগাযোগ আরও জোরদারের বিষয়ে মতবিনিময় হয়। বিশেষ করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়।
এ ছাড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আধুনিকায়ন, দক্ষ জনশক্তি গড়ে তোলা, তথ্য বিনিময় এবং সেভিল চেম্বারের সঙ্গে সম্পর্কযুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে উভয় পক্ষই বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে নিয়মিত অর্থনৈতিক সংলাপ এবং বাস্তবমুখী উদ্যোগ অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


























