সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত সৌদি এয়ারলাইনসের যেসকল প্রবাসী বাংলাদেশি যাত্রী এখনো তাদের লাগেজ পাননি, তাদের দ্রুত অনলাইনে অভিযোগ জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে রিয়াদস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্ষতিগ্রস্ত যাত্রীরা সৌদি এয়ারলাইনসের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করে ‘লস্ট ব্যাগেজ ক্লেম’ অপশনে গিয়ে নিজেদের হারানো লাগেজ সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত করতে পারবেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অন্যান্য এয়ারলাইনসের যাত্রীদের মালামাল সংক্রান্ত তথ্য পাওয়া গেলে তাও যথাসময়ে অবহিত করা হবে বলে জানিয়েছে দূতাবাস।
এদিকে নিরাপত্তার স্বার্থে সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী সকল ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার প্রেক্ষিতে ঢাকা-দাম্মাম রুটের নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট চলাচলও আপাতত স্থগিত রাখা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থগিত ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী সচল থাকবে এবং আসন খালি থাকা সাপেক্ষে যাত্রীরা ঐ দুই বিমানবন্দর ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।

























