জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একদিনের ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি ও অভ্যন্তরীণ সকল কার্যক্রম শুরু হয়েছে। তবে এই ছুটির মধ্যেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
রোববার (৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল।
তিনি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল শনিবার ভারত থেকে এই বন্দরে পণ্য আমদানি-রপ্তানি ও বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। একদিনের সেই বিরতি শেষে আজ রোববার দুপুর ১২টা থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। ইতোমধ্যে বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে এবং সেগুলো আনলোড হয়ে দেশি ট্রাকে লোড করে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল এবং আজও তা অব্যাহত রয়েছে।
























