মানুষ ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, কখনো চোখের পাতা কাঁপে, আবার কখনো হাত-পা নড়ে ওঠে। ঘুমের এমন কিছু আচরণ কি দেখা যায় মাকড়সার মধ্যেও? সাম্প্রতিক এক গবেষণায় অস্ট্রেলিয়ার বিশেষ প্রজাতির লাফিয়ে চলা মাকড়সার ঘুমের মধ্যে এমন কিছু লক্ষণ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা, যা মানুষের ঘুমের একটি বিশেষ পর্যায়ের সঙ্গে মিলে যায়। তবে তারা সত্যিই স্বপ্ন দেখে কি না, সেই প্রশ্নের উত্তর এখনো নিশ্চিত নয়।
জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা অস্ট্রেলিয়ান জাম্পিং স্পাইডার প্রজাতির পোর্শিয়া ফিমব্রিয়াটা মাকড়সা নিয়ে এই পর্যবেক্ষণ চালান। ছোট আকারের এই মাকড়সা শুধু লাফিয়ে চলার জন্যই নয়, বুদ্ধিদীপ্ত শিকার কৌশলের জন্যও পরিচিত। গবেষণায় তাদের ঘুমের ধরন বিজ্ঞানীদের সামনে নতুন কিছু প্রশ্ন তুলে ধরেছে।
মানুষের ঘুমের কয়েকটি পর্যায় রয়েছে। এর মধ্যে একটি হলো র্যাপিড আই মুভমেন্ট। এই পর্যায়ে চোখের পাতা বন্ধ থাকলেও চোখ দ্রুত নড়াচড়া করে। শরীরের পেশিতেও কিছু পরিবর্তন ঘটে। সাধারণত এই পর্যায়েই মানুষ সবচেয়ে জীবন্ত ও স্পষ্ট স্বপ্ন দেখে বলে মনে করা হয়।
গবেষকেরা লক্ষ্য করেছেন, পোর্শিয়া মাকড়সার ঘুমের সময়ও চোখের অংশে নড়াচড়া এবং শরীরের পেশিতে কাঁপুনির মতো আচরণ দেখা যায়। এই লক্ষণগুলো মানুষের র্যাপিড আই মুভমেন্ট ঘুমের কথা মনে করিয়ে দেয়। তবে দুই প্রাণীর ঘুমের প্রক্রিয়া পুরোপুরি এক কি না, তা এখনো বলা যাচ্ছে না।


























