বাংলা গানের অত্যন্ত জনপ্রিয় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ‘কোক স্টুডিও বাংলা’। ফিউশন ঘরানার এ প্ল্যাটফর্মের প্রতিটি নতুন গান নিয়েই শ্রোতাদের মাঝে বিপুল আগ্রহ দেখা যায়। এবার স্টুডিওর বাইরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছে কোক স্টুডিও। থাকছে বিশেষ প্রতিযোগিতা ও কনসার্ট।
‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’ শীর্ষক এই আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা শুরু হয়েছে ইন্টারন্যাশনাল University of Business Agriculture and Technology (আইইউবিএটি) থেকে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও পৌঁছাবে। প্রতিযোগিতায় সর্বোচ্চ ভোট পাওয়া তিনটি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে কোক স্টুডিও বাংলার বিশেষ কনসার্ট। ২৬ অক্টোবর শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। দেশের ১৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত, ভোটিং এবং ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেবেন।
কোক স্টুডিও বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নিজ নিজ ক্যাম্পাসের ক্যান্টিন থেকে কোকা-কোলা, স্প্রাইট বা ফ্যান্টা কিনলে একটি স্ক্র্যাচ কার্ড পাবেন, সেখানে থাকবে একটি ইউনিক কোড। ক্যাম্পেইনের মাইক্রোসাইটে কোডটি ব্যবহার করে তারা নিজেদের বিশ্ববিদ্যালয়ের জন্য ভোট দিতে পারবেন। প্রতিযোগিতার অগ্রগতি দেখার জন্য থাকবে একটি লাইভ লিডারবোর্ড। সর্বোচ্চ ভোট পাওয়া তিনটি বিশ্ববিদ্যালয় প্রত্যেকে নিজেদের ক্যাম্পাসে একটি করে বিশেষ কোক স্টুডিও বাংলা কনসার্ট আয়োজনের সুযোগ পাবে।
ভোট দেওয়ার পাশাপাশি, ‘ফাইন্ড দ্য নেক্সট ক্যাম্পাস পারফর্মার’ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে নিজেদের সংগীত প্রতিভা তুলে ধরার সুযোগও তৈরি করবে ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলার ডেডিকেটেড রেকর্ডিং স্টুডিও কিয়স্কে গিয়ে কোক স্টুডিও বাংলার যেকোনো গানের কভার পারফরম্যান্স রেকর্ড করতে পারবেন। সেই রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কোক স্টুডিও বাংলাকে ট্যাগ করতে হবে। ক্যাম্পেইনের ওয়েবসাইটে ভিডিওর লিংক জমা দেওয়ার পর, বিজয়ী প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে সেরা পারফরম্যান্স এবং সর্বোচ্চ সামাজিক যোগাযোগমাধ্যম এনগেজমেন্ট অর্জনকারী শিক্ষার্থীকে ক্যাম্পাস কনসার্টে গান গাওয়ার সুযোগ দেওয়া হবে।
২০২২ সালে বাংলাদেশে যাত্রা করেছে ‘কোক স্টুডিও’। এরই মধ্যে ইউটিউবে প্ল্যাটফর্মটির সাবস্ক্রাইবার ছাড়িয়েছে ৪০ লাখ। আর ইউটিউবে তাদের গানের ভিউ পেরিয়েছে ৭৫ কোটি।


























