মেয়েশিশু ও কিশোরীদের অধিকার প্রতিষ্ঠা, নেতৃত্বের বিকাশ এবং সর্বস্তরে তাদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান নিয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে ‘আইডিজি কার্নিভাল ২০২৬’ উদযাপন করেছে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ। ‘শিকড়ের শক্তিতে, এগিয়ে যাক প্রতিটি কিশোরী’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেন, “বাংলাদেশে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার ক্ষেত্রে ধর্মের অপব্যাখ্যা ও পুরুষতান্ত্রিক মানসিকতা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও উন্নত বাংলাদেশ গড়তে হলে এসব চ্যালেঞ্জ সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। শিক্ষা, কর্মসংস্থান, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি ক্ষেত্রে নারীদের সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।”
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়নকে বিশেষ প্রাধান্য দিচ্ছে। তবে এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোরও কার্যকর ভূমিকা প্রয়োজন। সেভ দ্য চিলড্রেনের দীর্ঘ অভিজ্ঞতা ও সহযোগিতা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে এবং জাতীয় যুব নেটওয়ার্ক (NYN) ও নারী নেতৃত্বাধীন সংগঠনগুলোর সহযোগিতায় সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ‘SWOCCHAR’ প্রকল্পের আওতায় এ কার্নিভাল আয়োজিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হেলেন জেরিন খান, মাহমুদা হাবিবা ও মনসুরা আক্তার। এ ছাড়া উপস্থিত ছিলেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বাংলাদেশ কার্যালয়ের কিশোর-কিশোরী ও যুব কার্যক্রমের প্রধান ড. ইলিজা আজেই।
অনুষ্ঠানে মেয়েশিশু ও কিশোরীদের সম্ভাবনা বিকাশ, নেতৃত্ব সৃষ্টি এবং পারিবারিক ও সামাজিক সিদ্ধান্ত গ্রহণে তাদের সক্রিয় অংশগ্রহণের পথ সুগম করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।























