দিল্লি পুলিশের চাওয়া তথাকথিত শান্তি মুচলেকায় স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। তাঁর মতে, এ ধরনের মুচলেকা দেওয়া নাগরিকদের মৌলিক অধিকার, প্রতিবাদের অধিকার ও গণতান্ত্রিক ভিন্নমত পোষণের স্বাধীনতার পরিপন্থী।
এর আগে নেহা বোরার দায়ের করা রিট আবেদনটি খারিজ করে দেন দিল্লি হাইকোর্ট। তবে বিচারপতি সুব্রমনিয়াম প্রসাদ নির্দেশ দেন, বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসইএম) যেন অনুসন্ধানের সব তথ্য বোরাকে সরবরাহ করেন এবং আইনি প্রক্রিয়া মেনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেন। বোরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আদালতের আদেশের প্রতি শ্রদ্ধা রেখে তিনি শুনানিতে হাজির হবেন, তবে কোনো ধরনের বন্ডে সই করবেন না।
গত ১৬ অক্টোবর দিল্লির কনট প্লেসে একটি মিছিলে যোগ দিতে যাওয়ার সময় নেহা বোরাকে আটক করে পুলিশ। পরে তাঁকে ছেড়ে দেওয়া হলেও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার আওতায় ১০ হাজার রুপির মুচলেকা দেওয়ার নোটিশ পাঠানো হয়। বোরার আইনজীবী আদালতে যুক্তি দেন যে জাতীয় পতাকা উত্তোলনের জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই এবং এই নোটিশ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।

























