সবার জীবনেই নির্দিষ্ট কিছু লক্ষ্য বা স্বপ্ন থাকে। কিন্তু পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে বাস্তবতার কঠিন লড়াইয়ে টিকে থেকে কজনই বা সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারেন? আর্থিক অস্বচ্ছলতা, নিরাপত্তাহীনতা, মানসিক চাপ ও নানা প্রতিকূলতার কাছে অনেকেই পথেই হারিয়ে যান। জীবনের এই লক্ষ্যপূরণ এবং বাস্তবতার চড়াই-উতরাই নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরেছেন তরুণীরা।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের এক শিক্ষার্থী জানান, একেকজনের স্বপ্ন একেক রকম হলেও স্বপ্ন দেখা আর তা বাস্তবে রূপ দেওয়ার পথ কখনোই এক হয় না। বাস্তবতায় অর্থনৈতিক সংকট, পারিবারিক দায়িত্ব, ব্যর্থতা কিংবা প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়। অনেক সময় প্রতিকূলতা দেখে অনেকে পিছু হটলেও সফল ব্যক্তিরা ব্যর্থতাকেই সাফল্যের প্রথম সোপান বানিয়েছেন। আত্মবিশ্বাস ও ধৈর্যই হলো যেকোনো লক্ষ্য অর্জনের মূল হাতিয়ার। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের সাফল্য দেখে হতাশ না হয়ে নিজের যোগ্যতার ওপর ভরসা রেখে সামনে এগিয়ে যাওয়ার তাগিদ দেন তারা।
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের আরেক শিক্ষার্থী জানান, ছোটবেলা থেকেই চিকিৎসা সেবা বা এই খাতের সঙ্গে যুক্ত হওয়ার প্রবল ইচ্ছা ছিল তার। জীবনের কঠিন বাস্তবতাকে বাধা হিসেবে না ভেবে বরং তাকে অভিজ্ঞতা ও শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করলে যেকোনো তরুণী তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবেন।


























