দীর্ঘ ১১ বছর পর আবারও এশিয়া কাপ ক্রিকেটের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৭ সালের এই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শুরুর আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ঘরের মাঠে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবি।
সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কাছে এই প্রস্তাব তুলে ধরে বিসিবি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের প্রস্তাবে দুই দেশের বোর্ডই ইতিবাচক মনোভাব দেখালেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
সিরিজের সময়সূচি নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও বিসিবি নিশ্চিত করেছে, এটি মূলত ২০২৭ সালের এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবেই আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। বিষয়টি নিয়ে বিসিবির এক কর্মকর্তা জানান, দুই দেশের বোর্ডই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
উল্লেখ্য, ২০১৬ সালের পর আবারও বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদের অধীনে এটিই হতে যাচ্ছে প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। তাই এশিয়া কাপের সফল আয়োজনের পাশাপাশি মাঠের ক্রিকেটেও নিজেদের সামর্থ্য প্রমাণে এই ত্রিদেশীয় সিরিজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


























