নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (৪ অক্টোবর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সফরের প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী এবং সিম্পোজিয়ামে (The Chief of Army Symposium and Land Forces International Defence Exposition 2026) অংশগ্রহণ করবেন সেনাপ্রধান। এই সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি মেলবোর্নে ডেকিন ইউনিভার্সিটি পরিদর্শন করবেন।
অস্ট্রেলিয়া সফর শেষ করে জেনারেল ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রধানের বার্ষিক সভা ও প্রদর্শনীতে (AUSA Annual Meeting and Exposition) যোগ দেবেন।
এই সরকারি সফরকালে সেনাপ্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।


























