হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় সিলেটগামী ৯৫১ নম্বর তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় ঢাকা বিভাগীয় রেল কর্মকর্তা এ বি এম কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিভাগীয় কর্মকর্তাকে প্রধান করে গঠিত এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ এবং বিস্তারিত তথ্য সম্বলিত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট রেলপথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যদিও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্তও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি বলে মনতলা স্টেশনমাস্টার আতাউর রহমান খাদেম জানিয়েছেন।
স্থানীয়রা জানান, বিকট শব্দে ওয়াগনগুলো লাইনচ্যুত হয়ে কয়েকটি পাশের খাদে ছিটকে পড়ে। ঘটনার পর কিছু মানুষ লাইনচ্যুত ওয়াগন থেকে তেল লুটের চেষ্টা চালায়। খবর পেয়ে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রেলওয়ে সূত্রে জানা গেছে, জ্বালানি তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল।
রিপোর্টারের নাম 




















