৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, উত্তর-পশ্চিমের প্রদেশ খাইবার পাখতুনখোয়া, কেন্দ্রশাসিত এলাকা আজাদ কাশ্মিরসহ বেশ কয়েকটি জায়গা।
জিও নিউজ পাকিস্তানের আবহাওয়া দপ্তরের (পিএমডি) ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, ভূমিকম্পের উৎস ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে, ভূপৃষ্ঠের ২৩৪ কিলোমিটার গভীরে। হিমালয় পর্বতমালার যে অংশ আফগানিস্তানে ঢুকেছে, সেটাই হিন্দুকুশ নামে পরিচিত।
জিও নিউজের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতের ভূমিকম্পের কম্পন অনুভব করা গেছে পাকিস্তানের পাঞ্জাবের রাওয়ালপিন্ডি, রাজধানী ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার, আপার দির, মালাকান্ড, বাজাউর, চিত্রল, মুরি, আজাদ কাশ্মিরের সামাহনি, ভিমবের এবং অন্যান্য অঞ্চলে। তবে, এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মাত্র চার দিন আগেও পাকিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। সেই কম্পন অনুভূত হয়েছিল খাইবার পাখতুনখোয়া, ইসলামাবাদ এবং রাজধানীর আশেপাশের এলাকায়।
ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের ওপর অবস্থানের কারণে পাকিস্তান-আফগানিস্তানে ভূমিকম্প হওয়াটা অস্বাভাবিক কোনো ঘটনা নয়। গত সেপ্টেম্বরে ৬ মাত্রার একটি ভূমিকম্পে আফগানিস্তানে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন।
রিপোর্টারের নাম 























