বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত তিন দিন ধরে বরগুনায় চলছে মুষলধারে বৃষ্টিপাত। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বৈরী আবহাওয়ায় উপকূলীয় জনজীবন স্থবির হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর পায়রাসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে।
টানা বৃষ্টিতে কৃষিখাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। নিচু জমিতে পানি জমে যাওয়ায় শীতকালীন সবজির বীজতলা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তালতলী ও বরগুনা সদরের কৃষকরা জানিয়েছেন, জমির পাকা ও আধাপাকা ধান বৃষ্টির কারণে মাটিতে লুটিয়ে পড়েছে, যা তাদের বড় ধরনের লোকসানের মুখে ঠেলে দিচ্ছে।
এদিকে সাগর উত্তাল থাকায় জেলেরা মাছ ধরতে যেতে পারছেন না। ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী জানান, মাছ ধরা বন্ধ থাকায় শ্রমিকদের মজুরি ও জ্বালানি খরচ বহন করা মালিকদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে।
অন্যদিকে, বরগুনার ৭২ কিলোমিটার বেড়িবাঁধের ৪৪ কিলোমিটারই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান জানিয়েছেন, ভাঙন রোধে দুটি প্রকল্প অনুমোদন হয়েছে এবং দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হবে।























