দেশের মানুষের জন্য যা ভালো, বিএনপি সরকার তা-ই করবে এবং জনগণের সব আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘দেশের বাইরে আমাদের কারো কোনো ঠিকানা নেই। আমরা এ দেশেই থাকব এবং এ দেশের মানুষের কল্যাণে কাজ করে যাব।’
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগমন ও বিভিন্ন কর্মসূচির সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করতে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।
আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের গোবিন্দগঞ্জ সফরে আসার কথা রয়েছে। সফরকালে তিনি করতোয়া নদী খনন কার্যক্রমের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানপ্রধানদের সম্মানি প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করবেন বলে সম্ভাব্য কর্মসূচিতে রয়েছে। এ ছাড়া দুটি পথসভায় বক্তব্য দেওয়ারও পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে মীর শাহে আলম বলেন, সবকিছু ঠিক থাকলে ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে এসে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, এই সফরে গোবিন্দগঞ্জের উন্নয়ন, নদী খনন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটবে। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ পরিবার ও কৃষকদের কল্যাণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি আসবে।























