ইউরোপীয় ফুটবলে রাতটি ছিল অপ্রত্যাশিত সব ঘটনার! একদিকে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ইতালিকে মাত্র ১১ মিনিটের ঝড়ে উড়িয়ে দিল বেলজিয়াম। অন্যদিকে নিজেদের মাঠে ৪৩ ম্যাচ অপরাজিত থাকার দীর্ঘ যাত্রায় অবশেষে হোঁচট খেল স্পেন। তাদের সেই অপরাজিত থাকার গল্পে দাঁড়ি টেনে দিল ইংল্যান্ড। দুই পরাশক্তির এমন বিপর্যয়ের রাতে অবশ্য জয় তুলে নিয়ে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্সও।
ব্রাসেলসে গত রাতে ইতালির বিপক্ষে শুরুটা ভালোই ছিল। ম্যাচের প্রথম দিকে গোলরক্ষক সেনে ল্যামেন্সের দুটি দুর্দান্ত সেভে রক্ষা পায় বেলজিয়াম। এরপর পাল্টা আক্রমণ থেকে ফ্রান্সেসকো পিও এস্পোসিতোর গোলে এগিয়ে যায় ইতালি। আগের ম্যাচে ফ্রান্সকে হারানো দলটির সামনে তখন আরেকটি বড় জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল।
কিন্তু সেই সম্ভাবনা বেশিক্ষণ টেকেনি। দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় বেলজিয়াম। চার্লস ডি কেটেলারের বুদ্ধিদীপ্ত পাস থেকে গোল করে সমতা ফেরান ম্যাক্সিম ডি কুইপার। এরপর নাথান এনগয়ের জোরালো শটে এগিয়ে যায় স্বাগতিকরা। আর জেরেমি ডোকুর দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে আসে তৃতীয় গোল। মাত্র ১১ মিনিটের এই ঝড়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে ইতালি।
বিরতির আগে কেভিন ডি ব্রুইনার শট পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধেও ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ তৈরি করে বেলজিয়াম। ডি ব্রুইনা ও ডি কেটেলারের প্রচেষ্টা ঠেকিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। তবে শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় হার এড়াতে পারেনি আজ্জুরিরা।
এই হারে নেশনস লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে ইতালিকে। ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা ফ্রান্স, ১২ পয়েন্ট নিয়ে রানার্সআপ বেলজিয়াম। ইতালির সংগ্রহ ১০। অথচ শেষ রাউন্ডের আগে গ্রুপের শীর্ষে ছিল দলটি।
অন্যদিকে ফ্রান্সকে কোয়ার্টার ফাইনালে উঠতে তুরস্কের তুরস্কের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হয়েছে। বোর্দোতে প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। মাইকেল ওলিসের শট ঠেকিয়ে দেন তুরস্কের গোলরক্ষক। অফসাইডের কারণে বাতিল হয় কিলিয়ান এমবাপের গোলও।
বিরতির পর তুরস্কের এমিরহান তোপচুর আত্মঘাতী গোলে এগিয়ে যায় ফ্রান্স। পরে আর্দা গুলের সমতা ফেরানোর উল্লাস করলেও ভিএআর পরীক্ষায় অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়। ম্যাচের শেষ দিকে কোচের পরিবর্তন কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা এলি জুনিয়র ক্রুপি। শেষ মিনিটে আব্দুলকেরিম বারদাকসি একটি গোল শোধ করলেও তাতে ফ্রান্সের জয় আটকায়নি। ২-1 গোলের এই জয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখে তারা।
তবে রাতের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে মাদ্রিদে। নিজেদের মাঠে টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে হারের স্বাদ পেল স্পেন। তাদের সেই দীর্ঘ অজেয় যাত্রার সমাপ্তি ঘটিয়েছে ইংল্যান্ড। ৩-২ গোলের জয়ে শুধু ইতিহাসই গড়েনি ইংলিশরা, গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে টমাস টুখেলের দল।

























