সাতই নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, এদিন সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে এক নতুন অভিযাত্রা শুরু করেছিল।
শনিবার দুপুরে চট্টগ্রামের ষোলশহর ২ নম্বর গেট সংলগ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বিপ্লব উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চসিকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। ডা. শাহাদাত বলেন, ৭ নভেম্বরের চেতনা দেশকে যেকোনো বিদেশি আধিপত্য ও চক্রান্ত থেকে মুক্ত রাখার চিরন্তন অনুপ্রেরণা জোগায়।
তিনি আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রের প্রকৃত রূপকার। নিজের পরিণতির কথা চিন্তা না করে তিনি ১৯৭১ সালে সাহসিকতার সঙ্গে স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং পরবর্তী সময়ে দেশ পুনর্গঠনে ঐতিহাসিক ভূমিকা পালন করেন। সেই দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

























