নাটোরের সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় শহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি এয়ারগানের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার খড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শহিদুলকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন শহিদুল ইসলাম জানান, অভিযুক্ত সজীব দীর্ঘদিন ধরে এলাকায় পাখি শিকার করে আসছিলেন। শুক্রবারও তাকে পাখি শিকার করতে দেখে বাধা দিলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সজীব তার পেটে এয়ারগানের গুলি চালান। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকেরা জানান, পরীক্ষা-নিরীক্ষা শেষে শহিদুলকে হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত শহিদুল ইসলাম সিংড়া উপজেলার আয়াশ বিহাস গ্রামের জসমত আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


























