নোয়াখালীর সেনবাগে একটি পিকআপ ভ্যানের বডিতে বিশেষ কৌশলে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সৈয়দ নুর (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালক গাড়ি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।
বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় তল্লাশিচৌকি বসিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় টেকনাফ থেকে আসা পিকআপটিতে তল্লাশি চালিয়ে ইয়াবার বড় চালানটি জব্দ করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান কামাল জানান, গ্রেপ্তার সৈয়দ নুর কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপের জন্য আসামিকে আদালতে সোপর্দ করা হচ্ছে।


























