নভেম্বর মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
এর আগে সর্বশেষে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনে লিটার প্রতি দাম বাড়িয়ে পুনঃনির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী বর্তমানে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
পূর্বে জ্বালানি তেলের মূল্য সংশোধন নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছিলেন, জ্বালানি তেল প্রতিবেশী রাষ্ট্রগুলোতে পাচার হওয়ার বড় ঝুঁকিতে থাকায় মূল্য সমন্বয় করতে হয়েছিল। জ্বালানির আন্তর্জাতিক বাজার স্বাভাবিক হয়ে এলে দ্রুত সময়ের মধ্যেই মূল্য আবারও সমন্বয় করে কমিয়ে আনার চেষ্টা করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ “জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা” প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানি তেলের দাম সমন্বয় করার বিধান রয়েছে। সেই অনুযায়ী নভেম্বর মাসের জন্য তেলের বর্তমান দরই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।























