গত কয়েক দিনের প্রখর রোদ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে ঢাকার স্বাভাবিক জনজীবন। বৃহস্পতিবার রাজধানীতে সকাল থেকেই আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি না হওয়ায় গরমের তীব্রতা থেকে মিলেনি তেমন নিস্তার। তবে রাজধানীবাসীর জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে আবহাওয়া সম্পর্কিত বৈশ্বিক ওয়েবসাইট ‘অ্যাকুওয়েদার’। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার বিকেলের দিকে ঢাকায় নামতে পারে কাঙ্ক্ষিত বৃষ্টি।
অ্যাকুওয়েদারের বুলেটিনে জানানো হয়েছে, শুক্রবার দিনের অধিকাংশ সময় জুড়ে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এ দিন বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৬৬ শতাংশ। বৃষ্টি শুরু হলে ঘণ্টাখানেকের ব্যবধানে প্রায় ৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, শুক্রবার দিনের বেলা ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হতে পারে, যা আর্দ্রতার কারণে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হতে পারে। তবে রাতের দিকে তাপমাত্রা কমে ২৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রাতের দিকেও হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে।


























