২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মোমিনুল হক। তিনি বলেছেন, কোনো অপরাধী যেন রাজনৈতিক পরিচয় বা ক্ষমতার প্রভাবে পার পেয়ে না যান, তা নিশ্চিত করতে হবে।
বুধবার (২৮ অক্টোবর) সেই হত্যাকাণ্ডের বিচার ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোমিনুল হক।
তিনি বলেন, ‘আমরা প্রতিশোধ নয়, ন্যায়বিচার চাই। অতীতের সব হত্যাকাণ্ড ও নির্যাতনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দেশে আইনের শাসন, গণতন্ত্র ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।’
মোমিনুল হক আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা সময়ের দাবি। শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। দেশে যেন নতুন করে কেউ ক্ষমতার অপব্যবহার, সন্ত্রাস ও স্বেচ্ছাচারিতার পথে হাঁটতে না পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তারা অতীতের রাজনৈতিক সহিংসতার নিরপেক্ষ তদন্ত, দায়ী ব্যক্তিদের বিচার এবং দেশে সব ধরনের রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি জানান। তাঁরা একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানান।
সমাবেশটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি খুররম মুরাদ।





















