রাজবাড়ীর বালিয়াকান্দিতে কানে হেডফোন লাগিয়ে গান শুনে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় ছাব্বির মৃধা (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। জামালপুর ফুটবল মাঠ সংলগ্ন কালুখালী-ভাটিয়াপাড়া রেলসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাব্বির জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতি মোহন গ্রামের সহিদ মৃধার ছেলে। স্থানীয়রা জানান, কান ঢাকা থাকায় ট্রেনের হুইসেল শুনতে পাননি ছাব্বির। ফলে ট্রেন এসে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
রাজবাড়ী রেলওয়ে পুলিশ স্টেশন (জিআরপি) কর্তৃপক্ষ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


























