ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটারদের নগদ টাকা বিতরণ ও বিভিন্ন সরকারি সুবিধার প্রলোভন দেখিয়ে ভোট কেনার প্রস্তুতির মারাত্মক অভিযোগ তুলেছেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন। তাঁর দাবি, স্লিপ বিতরণের পাশাপাশি ৫০০ থেকে ১ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এবং ধানের শীষে ভোট দেওয়ার শর্তে ফ্যামিলি কার্ড ও নানা ভাতার তথ্য সংগ্রহ করা হচ্ছে।
বুধবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান, নেতাকর্মীদের ওপর হামলা, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও সরকারি কর্মকর্তাদের প্রভাবিত করার বিবরণ তুলে ধরেন।
দেলাওয়ার হোসেন বলেন, ‘ভোটারদের প্রলুব্ধ করতে নানা সরকারি কার্ড ও অনুদানের আশ্বাস দেওয়া হচ্ছে, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। বিশেষ করে নিম্নবিত্ত ও সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় অর্থের বিনিময়ে ভোট কেনার তোড়জোড় চলছে।’
তিনি আরও অভিযোগ করেন, প্রতীক বরাদ্দের পর থেকেই প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের সমর্থকদের একটি অংশ প্রভাব বিস্তার করে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করছে। বিভিন্ন এলাকায় গণসংযোগের সময় তাঁদের বাধা দেওয়া ও কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এসব অভিযোগের দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান এই প্রার্থী।
























