বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত দুই দিনব্যাপী দশম ‘ল্যান্ড ফোর্সেস টকস (এলএফটি)-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই যৌথ বৈঠক শেষ হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ ও ২৭ অক্টোবর অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। এতে উভয় দেশের সামরিক সহযোগিতা সুদৃঢ়করণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারত্ব জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির প্যাসিফিক আর্মি কমান্ডের স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানস বিষয়ক ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল জাইলস জে. এস. কর্ণেলিয়া।
বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময়, উন্নত প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি এবং প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এর আগে ২৬ অক্টোবর সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল প্রধান।
প্রতিরক্ষা খাতের দক্ষতা বৃদ্ধি ও দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এই আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।






















