শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ দেওয়া এবং বিষয়টি শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে ইউনেস্কো।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশে ইউনেস্কোর আবাসিক প্রতিনিধি ড. সুসান ভিজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
বৈঠকে দুর্যোগ প্রশমনে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া এবং শিক্ষাক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন ড. সুসান। মন্ত্রী প্রস্তাবটিকে স্বাগত জানিয়ে একে চমৎকার উদ্যোগ হিসেবে অভিহিত করেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
এ ছাড়া বৈঠকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ইউনেস্কোর সহায়তা বাড়ানোর বিষয়ে আশ্বস্ত করেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন এবং সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।






















