বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে নতুন গতি দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপর জোর দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ টেককানেক্ট ২০২৬’ সম্মেলন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং হুয়াওয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে দেশ-বিদেশের নীতিনির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ ও আইসিটি খাতের প্রতিনিধিরা অংশ নেন।
‘বাংলাদেশ ফার্স্ট’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. কামরুজ্জামান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এবং হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট জেসন উ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ রূপকল্প সামনে রেখে সরকার দেশকে জ্ঞানভিত্তিক ও আধুনিক অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করতে কাজ করছে। প্রযুক্তি খাতের সম্প্রসারণের মাধ্যমে আগামী পাঁচ বছরে ডিজিটাল খাতে অন্তত ১০ লাখ মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, দেশের টেলিযোগাযোগ ও এআই খাতের উন্নয়নে বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উদ্ভাবনী প্রযুক্তির বিকাশ ও স্মার্ট অবকাঠামো নির্মাণে এই সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বক্তারা জানান, একটি আধুনিক ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে নিরাপদ ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার ওপর অগ্রাধিকার দিচ্ছে সরকার। এর মাধ্যমে আগামী দিনে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং সাইবার নিরাপত্তাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে।

























