আগামী শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, মওলানা ভাসানী একজন আইকনিক ব্যক্তিত্ব। তাঁর জীবন থেকে অনেক কিছু শেখার রয়েছে। এ কারণেই বিশ্ববিদ্যালয়টির নাম তাঁর নামে রাখা হয়েছে। শিক্ষার্থীরা তাঁর আদর্শ থেকে অনেক কিছু শিখতে পারেন। এই আদর্শকে সামনে রেখে বিএনপি ও প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আগামীর বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি।
নির্ধারিত সময়ে বই উৎসব হবে কি না, এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ সালে দায়িত্ব পাওয়ার পর ২০০২ সালের জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতা ২০০৬ সাল পর্যন্ত বজায় ছিল। আবার দায়িত্বে এসে এবারও নির্ধারিত সময়ে বই বিতরণ করা হবে। ২০২৬ সালের মধ্যেই বই বিতরণ সম্পন্ন হবে বলে জানান তিনি। বইয়ের মানের সঙ্গে কোনো আপস করা হবে না উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চারটি নতুন বই তৈরি করা হয়েছে। চতুর্থ শ্রেণিতে সংস্কৃতি ও খেলাধুলা এবং ষষ্ঠ শ্রেণিতে লার্নিং উইথ হ্যাপিনেস, আনন্দময় শিক্ষা ও আমার কারিগরি শিক্ষা নামে বই যুক্ত করা হয়েছে। এ ছাড়া জেলা শহরগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে শেখার জন্য পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে ঐচ্ছিক বই দেওয়া হচ্ছে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমানসহ অন্যরা।






















