চাঁপাইনবাবগঞ্জে এক সাংবাদিককে হত্যার হুমকি, বাড়িঘরে হামলা-ভাঙচুর এবং পৈতৃক সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগী পরিবার, স্থানীয় সংবাদকর্মী ও সচেতন এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এ সময় সাংবাদিকের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়।
বক্তারা অভিযোগ করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মসজিদপাড়া এলাকায় একটি অসহায় পরিবারের পৈতৃক সম্পত্তি আত্মসাৎ, হামলা-ভাঙচুর এবং মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক এস এম রুবেলকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।
সমাবেশে রাহুল, আসাদুল হক, আবু বাক্কার, নূর মোহাম্মদ, জনি আলী ও আসমাউল হকসহ কয়েকজনকে এ অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য দায়ী করে অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো পক্ষ যেন ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের ন্যায়বিচার বঞ্চিত না করতে পারে, সেজন্য প্রশাসনকে দ্রুত ও নিরপেক্ষ পদক্ষেপ নিতে হবে।


























