আসন্ন ঈদুল আজহায় জনগণের জন্য নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে বরিশাল বিভাগের সব জেলা-উপজেলায় পশু ও মৎস্য খাদ্যের দোকানে মোবাইল কোর্ট অভিযান শুরু করেছে বিভাগীয় প্রশাসন। ইতিমধ্যে বিভাগের বিভিন্ন স্থানে পরিচালিত মোবাইল কোর্টে জেল-জরিমানা ও অর্থদণ্ড আরোপ করা হয়েছে। ঈদের আগ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে।
বৃহস্পতিবার বরিশাল জেলায় মোট ৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই অভিযানে ১৩টি মামলা দায়ের করা হয় এবং বিভিন্ন অপরাধে ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় ও ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুরেও মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড, জেল ও জরিমানা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানান, ঈদের আগে কিছু অসাধু খামারি পশুকে মোটাতাজাকরণ করতে পশু খাদ্যের দোকান থেকে অনিরাপদ খাদ্য কিনে থাকে। এতে পশুগুলো দ্রুত মোটাতাজা হলেও তাদের মাংস জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। এই বিষয়টি মাথায় রেখে গত ১০ মে থেকে বিভাগের সব জেলায় পশু খাদ্যের দোকানগুলোতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এই অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 

























