ফের বিচ্ছেদের পথে হাঁটলেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। আন্না কোনিদালার সঙ্গে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। সোমবার (৯ নভেম্বর) রাতে ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন এই দম্পতি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘একসঙ্গে জীবনের দারুণ কিছু সময় পার করার পর আমরা দুজন পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটলেও আমরা ভালো বন্ধু এবং আমাদের সন্তানদের প্রতি দায়িত্বশীল অভিভাবক হিসেবেই থাকব। সন্তানদের সুখ ও সুস্থতাই সব সময় আমাদের দুজনের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।’ এই ব্যক্তিগত সিদ্ধান্তে তাদের গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর জন্য শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা। পাশাপাশি এত দিন যারা তাদের পাশে ছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, এটি পবন কল্যাণের তৃতীয় বিয়ে ছিল। প্রথমবার ১৯৯৭ সালে নন্দিনীকে বিয়ে করেছিলেন পবন, যাদের ১৯৯৯ সালে বিচ্ছেদ হয়। পরে ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইকে বিয়ে করেন তিনি। এই সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১২ সালে সে সংসারও ভেঙে যায়। এর ঠিক এক বছর পরই রাশিয়ান বংশোদ্ভূত আন্নাকে বিয়ে করেন পবন কল্যাণ। এই দম্পতিরও দুই সন্তান রয়েছে। অবশেষে ১৩ বছর পর এ সংসারেও ইতি টানলেন এই জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ।

























