রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের মহাসমাবেশ চলাকালে নয়জনের মুঠোফোন খোয়া যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগীদের মধ্যে আটজন। এর মধ্যে রাজপাড়া থানায় সাতটি এবং বোয়ালিয়া থানায় একটি জিডি তালিকাভুক্ত হয়েছে।
মঙ্গলবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর এই জনসভা অনুষ্ঠিত হয়। সমাবেশে ফোন হারানো ব্যক্তিদের তালিকায় রয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের ছেলে তাওসীফ আজাদও।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট জানান, প্রধানমন্ত্রীর ভাষণ শেষে মঞ্চের পেছনের অংশে দাঁড়িয়ে থাকার সময় ভিড়ের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা তাঁর ছেলের ফোনটি হাতিয়ে নেয়।
এদিকে পকেট কেটে মোবাইল ফোন খোয়ানোর কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তা দিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফরহাদ বাদশাও। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ফোন হারানোর ঘটনায় একাধিক জিডি গ্রহণ করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় খোয়া যাওয়া মোবাইলগুলো উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত চক্রকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


























