মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১২ ডলার ছাড়িয়ে গেছে, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।
আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ০৮ শতাংশ বেড়ে ১১২ দশমিক ১৭ ডলারে এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ৭৬ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ৮৩ ডলারে পৌঁছেছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ এবং সৌদি আরবের তেল অবকাঠামোতে হুতি বিদ্রোহীদের হামলার ঘটনায় এই অস্থিরতা তৈরি হয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক সংকট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যন্ত সংঘাত হ্রাসের সম্ভাবনা কম থাকায় জ্বালানি তেলের দাম চড়া থাকতে পারে। এদিকে, সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশনের কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে তাদের পরিবারকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।


























