দিনাজপুরের পার্বতীপুরে পারিবারিক কলহের জেরে মনোরঞ্জন রায় নামে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাৎক্ষণিকভাবে একজনকে আটক করেছে পুলিশ। গত ২৫ অক্টোবর দুপুরে উপজেলার ১ নম্বর বেলাইন্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।
নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন এবং তিনি চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সময় দুই পক্ষের মারামারির একপর্যায়ে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

























