বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে আকস্মিকভাবে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। ২০২৫ সালের নভেম্বরে আয়ারল্যান্ড সিরিজ দিয়ে শুরু হওয়া তার এই ১১ মাসের কোচিং অধ্যায়ের হঠাৎ সমাপ্তিতে কিছুটা বিস্মিত হলেও ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন তিনি।
জাতীয় দলের প্রধান ব্যাটিং কোচের পদ হারালেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আশরাফুলের চুক্তির মেয়াদ এখনও তিন মাস বাকি রয়েছে। এই মেয়াদে বোর্ডের অধীনে থাকা অন্য কোনো দলের কোচিং প্যানেলে তাকে যুক্ত করা হতে পারে, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
হঠাৎ বিদায়ের অভিজ্ঞতা তুলে ধরে সাবেক এই অধিনায়ক জানান, শনিবার সন্ধ্যায় মাগরিবের পরেই তিনি দায়িত্ব ছাড়ার বিষয়টি জানতে পারেন। বোর্ড থেকে তাকে জানানো হয়েছে, জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে আপাতত রেস্টে রাখা হচ্ছে এবং পরবর্তী তিন মাসে বোর্ডের অন্য কোনো অ্যাসাইনমেন্ট থাকলে তা তাকে জানানো হবে।
সামনেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে। আগামী ২৮ অক্টোবর মিরপুরে প্রথম টেস্ট শুরু হওয়ার কথা। গুরুত্বপূর্ণ এই সিরিজের ঠিক আগমুহূর্তে ব্যাটিং কোচ পদে পরিবর্তন আসলেও টেস্ট দলের শক্ত অবস্থান নিয়ে আশরাফুল বেশ আত্মবিশ্বাসী।
নিজের দায়িত্বে থাকার সময়কার পারফরম্যান্স বিশ্লেষণ করে আশরাফুল জানান, তার দায়িত্ব নেওয়ার পর খেলে যাওয়া ৮টি টেস্টের মধ্যে বাংলাদেশ ৫টিতে জয় পেয়েছে এবং ১টি ড্র করেছে। ব্যাটারদের গড় এবং দলের সমন্বিত পারফরম্যান্স ইতিবাচক ধারায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

























