পিরোজপুরের ইন্দুরকানীতে এক ছড়া সুপারি ও এক ফালি কলা নেওয়ার অভিযোগে ৭০ বছর বয়সী এক মানসিকভাবে অসুস্থ ও হতদরিদ্র বৃদ্ধকে শিকল পরিয়ে গ্রাম ঘোরানোর অমানবিক ঘটনা ঘটেছে। নির্যাতনের শিকার রুহুল আমিন মীরের কোমরে শিকল বেঁধে গলায় সুপারি ও কলা ঝুলিয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।
সোমবার (১৬ নভেম্বর) উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের মধ্য কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে প্রতিবেশী হাফেজ আব্দুল হালিম ও আব্দুল জব্বার হাওলাদারের বাড়ি থেকে কিছু সুপারি ও কলা নেওয়ার অভিযোগে সোমবার কালাইয়া গ্রামের নাসির উদ্দীনের নেতৃত্বে ওই বৃদ্ধকে মারধর করা হয়। একপর্যায়ে তাঁর কোমরে শিকল বেঁধে তালা লাগিয়ে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, রুহুল আমিন পেশাদার চোর নন, বরং অভাব ও মানসিক অসুস্থতার কারণে তিনি এমনটি করেছেন। স্থানীয় স্বাস্থ্য সহকারী মো. কাওসার আলম বলেন, জনপ্রতিনিধিদের উচিত ছিল তাঁর পাশে দাঁড়ানো, কিন্তু তা না করে তাঁকে এভাবে হেনস্তা করা হয়েছে।
ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন জানান, ঘটনাটি অত্যন্ত অমানবিক। তিনি ইতিমধ্যে বৃদ্ধের বাড়িতে খাবার পাঠিয়েছেন এবং এ ঘটনার নিন্দা জানিয়েছেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব জানান, বিষয়টি নিয়ে কেউ অভিযোগ না করায় তিনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারেননি।






















