গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।
জেলার বর্তমান পরিস্থিতি এবং আগামী ১৯ নভেম্বরের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অংশ হিসেবে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সোমবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশনায় মোতায়েনকৃত এই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা, প্রধান সড়ক-মহাসড়ক এবং স্পর্শকাতর স্থানগুলোতে দায়িত্ব পালন করবেন। যেকোনো নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর প্রতিরোধে এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা পুরোপুরি প্রস্তুত।
উল্লেখ্য, এর আগে গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছিল। বর্তমানে গাজীপুরে ৬ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্বরত রয়েছেন।
























