গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ও বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত এবং পরোয়ানাভুক্ত নয়জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে তাদের যথাযথ পুলিশি প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার বানিহারা গ্রামের মো. আসলাম সরকার, পুনতাইড় ফকিরপাড়া গ্রামের মো. এনামুল হক, উলিপুর গ্রামের মো. আইনুল ইসলাম, সাবগাছি কালিকাপুর গ্রামের মো. নজরুল ইসলাম, বিশ্বনাথপুর গ্রামের মো. বিপুল মিয়া ও তার বাবা বাকিজল মিয়া, নিপানিয়া গ্রামের মো. রিপন মিয়া, রাজাহার ইউনিয়নের নওগাঁ গ্রামের মো. সোহেল রানা শিবলু এবং জিরাই গ্রামের মো. রেজাউল করিম ওরফে ঢোল পাগলা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আসলাম সরকার ও রেজাউল করিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রয়েছে। এ ছাড়া নজরুল ইসলাম একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। অন্য আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারা এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

























