বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে টানা ১০ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, তিন দফায় মোট ১০ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ ও কললিস্ট বিশ্লেষণ করে দেখা গেছে, মৃত্যুর ঠিক পূর্বে তাহসিফ সর্বশেষ দীপের সঙ্গেই ছিলেন।
এর আগে গত ২৭ অক্টোবর জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় উত্তরখান থানায় মামলা দায়ের করা হলে দীপকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।

























